
নিজস্ব প্রতিবেদক: ওষুধ ফার্মেসির ব্যবসার আড়ালে নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটের অবৈধ কারবারের অভিযোগে বগুড়ায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে সর্বমোট ১০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহারের নেতৃত্বে এসআই মোঃ আব্দুল কুদ্দুসের একটি দল এ অভিযান পরিচালনা করে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার জানান, গত শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের জলেশ্বরীতলা বনমালী লেনের ইংল্যান্ড মালেকা টাওয়ারের সামনে পাকা সড়কে বিশেষ অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় মোঃ জাহিদুল বারী জাহিদ (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি বগুড়া শহরের লতিফপুর মধ্যপাড়ার মোঃ মোজাহারুল ইসলামের ছেলে। পরে তার হেফাজত থেকে ৩ হাজার ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত জাহিদকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে অভিযান চালিয়ে দ্বিতীয় আসামি মোঃ শাকিল আহম্মেদ (৩৪)-কে গ্রেফতার করে ডিবি পুলিশ। তিনি বগুড়া জেলার গাবতলী উপজেলার বালিয়াদীঘি এলাকার মোঃ জলিল আকন্দের ছেলে। তার হেফাজত থেকে আরও ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ নিয়ে দুইজনের কাছ থেকে সর্বমোট ১০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সরাসরি জড়িত আরও অজ্ঞাতনামা দুই থেকে তিনজন আসামি পলাতক রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেফতারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



