
নতুন শিক্ষা আইন প্রণয়নের লক্ষ্যে খসড়া প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। খসড়া আইনের ওপর মতামত জানাতে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আগামী ৭ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে নির্ধারিত ই-মেইলে মতামত পাঠানোর আহ্বান জানানো হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আনুষ্ঠানিকভাবে এই খসড়া প্রকাশ করে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, খসড়া শিক্ষা আইন সম্পর্কে মতামত পাঠাতে হবে
opinion_edu_act@moedu.gov.bd
ই-মেইল ঠিকানায়, নির্ধারিত সময়ের মধ্যে।
খসড়া আইনে নিরক্ষরতা দূরীকরণ, অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রসার, সবার জন্য মানসম্পন্ন শিক্ষার সুযোগ নিশ্চিত করা, বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, জীবনব্যাপী ও সর্বজনীন শিক্ষার সুযোগ সৃষ্টি এবং শিক্ষক ও শিক্ষার্থীর অধিকার ও কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষা সম্পর্কিত প্রচলিত আইনসমূহকে আরও সংহত ও কার্যকর করার উদ্দেশ্যে পরিপূরক বা সম্পূরক বিধান যুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানায়, মানসম্পন্ন শিক্ষার সুযোগ সৃষ্টির জন্য বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, জীবনব্যাপী ও সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা জরুরি। সে কারণে শিক্ষা সংক্রান্ত বিদ্যমান আইনগুলোর সমন্বয় ও কার্যকারিতা বাড়াতে নতুন এই আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তথ্যসূত্র: কালের কণ্ঠ



