শিক্ষা
প্রধান খবর

২১ এপ্রিল শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে যে সব নীতিমালা

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী ২১ এপ্রিল শুরু হবে। এ উপলক্ষে পরীক্ষা পরিচালনাসংক্রান্ত নীতিমালা-২০২৬ প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

নীতিমালায় পরীক্ষার্থীদের করণীয়, পরীক্ষা পরিচালনার নিয়মাবলি, কেন্দ্রসচিব ও কক্ষ প্রত্যবেক্ষকদের দায়িত্ব, শৃঙ্খলা, নকলের শাস্তি এবং ফলাফল প্রকাশসংক্রান্ত বিভিন্ন বিষয় বিস্তারিত তুলে ধরা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, পরীক্ষার্থীদের উপস্থিতি স্বাক্ষরলিপিতে সঠিক বিষয় উল্লেখ করে স্বাক্ষর নিশ্চিত করতে হবে। কোনো পরীক্ষার্থী অনুপস্থিত বা বহিষ্কৃত হলে সংশ্লিষ্ট বিষয়ের নাম লিখে তার পাশে লাল কালিতে ‘অনুপস্থিত’ বা ‘বহিষ্কৃত’ উল্লেখ করতে হবে। এ ক্ষেত্রে কোনো ভুলের কারণে ফল প্রকাশে বিঘ্ন ঘটলে সংশ্লিষ্ট কক্ষ প্রত্যবেক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরীক্ষার সময় কোনো প্রশ্ন থাকলে পরীক্ষার্থী নিজ আসন থেকে উঠে দাঁড়িয়ে কক্ষ প্রত্যবেক্ষকের জন্য অপেক্ষা করবে; তবে আসন ত্যাগ করতে পারবে না। বহিষ্কৃত পরীক্ষার্থীর উত্তরপত্রের কভার পৃষ্ঠার প্রথম অংশ কোনো অবস্থাতেই ছেঁড়া যাবে না।

কক্ষ প্রত্যবেক্ষক হল সুপারের অনুমতি ছাড়া কক্ষ ত্যাগ করতে পারবেন না এবং পরীক্ষার সময় নকল প্রতিরোধে নিয়ম মেনে চলার নির্দেশনা দেবেন। কেন্দ্রের ভেতরে কোনো বিশৃঙ্খলা দেখা দিলে তাৎক্ষণিকভাবে কেন্দ্রসচিব বা হল সুপারকে জানাতে হবে।

এছাড়া দায়িত্ব পালনকালে পরীক্ষার্থীদের সঙ্গে প্রয়োজনীয় নির্দেশনা ছাড়া অন্য কোনো কথা বলা বা যোগাযোগ করা যাবে না। পরীক্ষা শেষে প্রত্যেক পরীক্ষার্থীর উত্তরপত্র সংগ্রহ করে তা স্বাক্ষরপত্রের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করতে হবে।

প্রকাশিত পূর্ণাঙ্গ নীতিমালা দেখতে এখানে ক্লিক করুন।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button