শিক্ষা
প্রধান খবর

এমবিবিএস-ডেন্টালে ভর্তির আবেদন শুরু, যেভাবে আবেদন করবেন

২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। গতকাল বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর।

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা একই দিনে এবং একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে। এ বছর দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগও থাকছে।

গতকাল বুধবার সন্ধ্যায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষার আবেদন ফরম ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুযায়ী সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে। আবেদনসহ ভর্তি-সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনলাইনে সম্পন্ন হবে।

এমবিবিএস ও বিডিএস ভর্তির অনলাইন ফরম পূরণের নিয়মাবলি এবং ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট থেকে জানা যাবে।

আবেদনকারী প্রার্থীদের যোগ্যতা ও নির্দেশনা

প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে ২০২৫ অথবা ২০২৬ সালে এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০২৩ সালের আগে এসএসসি, ‘ও’ লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।

প্রার্থীকে এসএসসি, ‘ও’ লেভেল বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগসহ অবশ্যই জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে।

এসএসসি, ‘ও’ লেভেল বা সমমান এবং এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮ দশমিক ৫০ হতে হবে। এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে জিপিএ ৩ দশমিক ৫০-এর কম থাকলে আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন না।

পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য মোট আসনের ১ শতাংশ সংরক্ষিত থাকবে। রাঙামাটি মেডিকেল কলেজে ২৫ শতাংশ আসন এই সংরক্ষিত আসনের অন্তর্ভুক্ত। পশ্চাৎপদ জনগোষ্ঠী অর্থাৎ সব উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি, ‘ও’ লেভেল বা সমমান এবং এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮ হতে হবে। এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে জিপিএ ৩-এর কম থাকলে আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন না।

ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন

এইচএসসি সিলেবাস অনুযায়ী ১০০টি বহুনির্বাচনী প্রশ্নে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। বিষয়ভিত্তিক নম্বর বণ্টন হলো-

  • জীববিজ্ঞান: ৩০ নম্বর
  • রসায়ন: ২৫ নম্বর
  • পদার্থবিজ্ঞান: ১৫ নম্বর
  • ইংরেজি: ১৫ নম্বর
  • সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়ন: ১৫ নম্বর

প্রতিটি ভুল উত্তরের জন্য ০ দশমিক ২৫ নম্বর কাটা হবে। পরীক্ষার সময় ১ ঘণ্টা ১৫ মিনিট। পাস নম্বর ৪০। জাতীয় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হলে কোনো শিক্ষার্থী দেশে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির জন্য বিবেচিত হবেন না।

এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে নম্বর

এসএসসি, ‘ও’ লেভেল বা সমমান এবং এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএকে মোট ১০০ নম্বর হিসেবে মূল্যায়ন করা হবে।

  • এসএসসি, ‘ও’ লেভেল বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৮ গুণ = সর্বোচ্চ ৪০ নম্বর।
  • এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ১২ গুণ = সর্বোচ্চ ৬০ নম্বর।

লিখিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি, ‘ও’ লেভেল বা সমমান ও এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমান পরীক্ষার জিপিএভিত্তিক নম্বরের যোগফলের ভিত্তিতে মেধাক্রম প্রণয়ন করা হবে।

পূর্ববর্তী বছরের (২০২৫) এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বর থেকে ৩ নম্বর কেটে মেধাক্রম নির্ধারণ করা হবে। এ ছাড়া পূর্ববর্তী শিক্ষাবর্ষে (২০২৫-২০২৬) সরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বমোট নম্বর থেকে ৫ নম্বর কর্তন করে মেধা তালিকায় অবস্থান নির্ধারণ করা হবে।

ভর্তির গুরুত্বপূর্ণ তারিখ

  • অনলাইনে আবেদন শুরু: ২৫ নভেম্বর ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ৩ ডিসেম্বর, রাত ১১টা ৫৯ মিনিট
  • আবেদন ফি জমার শেষ তারিখ:৪ ডিসেম্বর, রাত ১১টা ৫৯ মিনিট
  • প্রবেশপত্র ডাউনলোড ও রঙিন প্রিন্ট: ১৪ থেকে ১৭ ডিসেম্বর
  • ভর্তি পরীক্ষা: ১৮ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত

ভর্তি পরীক্ষার ফি

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার আবেদন ফি ১ হাজার টাকা। ফি শুধু প্রিপেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।

এমবিবিএস ও বিডিএস কোর্সে আবেদনের নিয়ম দেখতে এখানে ক্লিক করুন।

তথ্যসূত্র: প্রথম আলো

এই বিভাগের অন্য খবর

Back to top button