শিক্ষা
প্রধান খবর

প্রশ্নফাঁস চক্রে মোট ৪ জন গ্রেফতার, বগুড়ার ধুনট থেকে একজন আটক

চলতি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

শনিবার (২৫ এপ্রিল) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. সিফাত আহমেদ সজিব (২২), মো. সালমান (২২), মো. মেছবাউল আলম মাহিন (১৯) ও মো. মহিদুজ্জামান মুন্না (১৯)।

যুগ্ম পুলিশ কমিশনার জানান, গত সোমবার (২০ এপ্রিল) সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিংয়ের সময় ‘এসএসসি-২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ’ নামের একটি ফেসবুক পেজ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে।

এরপর ওই দিন রাতে ঢাকার আশুলিয়ার জিরাবো তাঁজপুর এলাকায় অভিযান চালিয়ে সিফাত আহমেদ সজিবকে গ্রেফতার করা হয়।

তার দেওয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বগুড়ার ধুনট থানা এলাকায় অভিযান চালিয়ে মো. সালমানকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। একই দিন দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার একটি এলাকায় অভিযান চালিয়ে মো. মেছবাউল আলম মাহিনকে গ্রেফতার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৪ এপ্রিল) সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন নওগা ইউনিয়নে শাহ শরীফ জিন্দানীর (রহ.) মাজারসংলগ্ন এলাকা থেকে মো. মহিদুজ্জামান মুন্নাকে গ্রেফতার করা হয়।

মুনশী শাহাবুদ্দীন বলেন, গ্রেফতারদের ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে এসএসসি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত কার্যক্রমে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতাররা অবৈধভাবে আর্থিক লাভের উদ্দেশ্যে একটি স্বচ্ছ, সুন্দর ও সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থাকে ব্যাহত করার চেষ্টা করেছে। পাশাপাশি তারা প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নৈরাজ্য, হতাশা, উদ্বেগ ও নৈতিক বিপর্যয় সৃষ্টি করার অপচেষ্টা চালায়।

গ্রেফতারদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

তথ্যসূত্র: সময় নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button