জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮০.৩৬%
৪.৫৩ লাখ পরীক্ষার্থীর মধ্যে পাস ৩.৬৪ লাখ; প্রথম মেধা তালিকায় ২.২৯ লাখ শিক্ষার্থী

জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অধীনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় পাসের হার ৮০.৩৬ শতাংশ।
রোববার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এ এস এম আমানুল্লাহ আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন। ভর্তি পরীক্ষার এক সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ করা হয়েছে।
এবারের ভর্তি পরীক্ষায় মোট ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৩ লাখ ৬৪ হাজার ১৩৫ জন।
পাস করা শিক্ষার্থীদের মধ্য থেকে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছে ২ লাখ ২৯ হাজার ৭৬৫ জন। এর মধ্যে মানবিক বিভাগ থেকে ১ লাখ ১৩ হাজার ৩৯৪ জন, বিজ্ঞান বিভাগ থেকে ৬৫ হাজার ৩৩৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৫১ হাজার ৩৪ জন রয়েছে।
ফলাফল এসএমএসের মাধ্যমে জানতে মোবাইল থেকে nu<space>athn<space>Application ID লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে Honour’s Tab-এর Admission Test Result অপশনে গিয়েও ফল জানা যাবে।
ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটের Prospectus (Honours) ও Important Notice অপশনে পাওয়া যাবে।
ফল প্রকাশ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর লুৎফর রহমান, ট্রেজারার প্রফেসর এ টি এম জাফরুল আযমসহ বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র: কালের কণ্ঠ



