
দেশের সব সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসায় খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে অব্যবহৃত জমিতে খেলার মাঠ তৈরির উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে শুধু তাদের অংশগ্রহণে জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর দেশের সব সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও এবতেদায়ী প্রধানদের কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। পাশাপাশি বিষয়টি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদেরও নির্দেশ দেওয়া হয়েছে।
অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের গত ৭ জুলাই জারি করা এক চিঠির আলোকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ওই চিঠিতে জানানো হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় দেশের মহানগর ও গ্রামীণ এলাকায় খেলার মাঠের সুযোগ-সুবিধা বাড়াতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন যেসব অব্যবহৃত জমি রয়েছে, সেগুলো জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নকশা অনুসরণ করে খেলার মাঠে রূপান্তরের ব্যবস্থা নিতে হবে। এছাড়া যেসব জমিতে মাঠ নির্মাণ সম্ভব, সেগুলোর পরিমাণ, তফসিল ও মৌজা ম্যাপে অবস্থান চিহ্নিত করে তথ্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া বিভাগের আওতাধীন বিদ্যমান মাঠগুলো প্রয়োজন অনুযায়ী সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের মাধ্যমে সংস্কার করে খেলাধুলার উপযোগী করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষার্থীদের খেলাধুলায় আরও সম্পৃক্ত করতে শুধু তাদের অংশগ্রহণে জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে।
তথ্যসূত্র: যুগান্তর
