শিক্ষা
প্রধান খবর

রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার ও জিপিএ-৫

রাজশাহী শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে গত সাত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫-দুটিই কমেছে। বোর্ডের সাত বছরের তুলনামূলক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, ২০২৬ সালে পাসের হার নেমে এসেছে ৬৩ দশমিক ৬৭ শতাংশে। একই সময়ে জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ২০২৫ সালে রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ৬৩ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিল ২২ হাজার ৩২৭ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে প্রায় ১৪ শতাংশ পয়েন্ট এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৫ হাজার ৭০০ জন।

এর আগে ২০২৪ সালে পাসের হার ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ২৮ হাজার ৭৪ জন। ২০২৩ সালে পাসের হার ছিল ৮৭ দশমিক ৮৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ২৬ হাজার ৮৭৭ জন। ২০২২ সালে পাসের হার ছিল ৮৫ দশমিক ৮৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৪২ হাজার ৫২৭ জন।

২০২১ সালে পাসের হার ছিল ৯৪ দশমিক ৭১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ২৯ হাজার ৭০৯ জন। ২০২০ সালে পাসের হার ছিল ৯০ দশমিক ৭৯ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছিল ২৬ হাজার ৬৬৯ জন।

বিগত সাত বছরের পাসের হার ও জিপিএ-৫:

  • ২০২৬: পাস ৬৩.৬৭%, জিপিএ-৫ – ১৬,৬১৩ জন
  • ২০২৫: পাস ৭৭.৬৩%, জিপিএ-৫ – ২২,৩২৭ জন
  • ২০২৪: পাস ৮৯.২৬%, জিপিএ-৫ – ২৮,০৭৪ জন
  • ২০২৩: পাস ৮৭.৮৯%, জিপিএ-৫ – ২৬,৮৭৭ জন
  • ২০২২: পাস ৮৫.৮৮%, জিপিএ-৫ – ৪২,৫২৭ জন
  • ২০২১: পাস ৯৪.৭১%, জিপিএ-৫ – ২৯,৭০৯ জন
  • ২০২০: পাস ৯০.৭৯%, জিপিএ-৫ – ২৬,৬৬৯ জন

পরিসংখ্যানে দেখা যায়, গত সাত বছর ধরেই রাজশাহী শিক্ষা বোর্ডে মেয়েদের পাসের হার ছেলেদের তুলনায় বেশি।

২০২৬ সালে মেয়েদের পাসের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ। বিপরীতে ছেলেদের পাসের হার ৫৭ দশমিক ৩৩ শতাংশ।

২০২৫ সালে মেয়েদের পাসের হার ছিল ৮২ দশমিক ০১ শতাংশ এবং ছেলেদের ৭৩ দশমিক ৬৪ শতাংশ। ২০২৪ সালে মেয়েদের পাসের হার ছিল ৯১ দশমিক ৯০ শতাংশ, আর ছেলেদের ৮৬ দশমিক ৭৮ শতাংশ।

জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও ২০২৬ সালে মেয়েরা এগিয়ে রয়েছে। এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৮ হাজার ৯৯১ জন ছাত্রী এবং ৭ হাজার ৬২২ জন ছাত্র।

সাত বছরের পরিসংখ্যানে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য বছর ২০২২। ওই বছর রাজশাহী শিক্ষা বোর্ডে ৪২ হাজার ৫২৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। পরের বছরই তা কমে দাঁড়ায় ২৬ হাজার ৮৭৭ জনে।

২০২৪ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কিছুটা বেড়ে ২৮ হাজার ৭৪ জন হয়। ২০২৫ সালে তা কমে ২২ হাজার ৩২৭ জন এবং ২০২৬ সালে আরও কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬১৩ জনে।

অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৬ সালে রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ২৫ হাজার ৯০০ জন। অন্যদিকে ২০২৪ সালের তুলনায় কমেছে প্রায় ১১ হাজার ৫০০ জন।

চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডের ৩৫টি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। ২০২৫ সালে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯৯টি।

এর আগে ২০২৪ সালে ২৮৯টি, ২০২৩ সালে ১৭৮টি, ২০২২ সালে ১৪৭টি, ২০২১ সালে ৩৯৮টি এবং ২০২০ সালে ৩০৮টি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছিল।

অর্থাৎ পাসের হার ও জিপিএ-৫-এর পাশাপাশি শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যাতেও ২০২৬ সালে বড় ধরনের পতন হয়েছে।

তথ্যসূত্র: কালের কণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button