
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন শিক্ষার্থী পাস করতে পারেনি। এবারের পরীক্ষায় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন।
সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছর এই হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ২ শতাংশ পয়েন্ট।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।
সে হিসাবে এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন।
এবার ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করতে পারেনি। গত বছর শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৩৪টি।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২০ মে। এরপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৪ মে।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী ফরম পূরণ করেছিল।
এর মধ্যে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন এসএসসি পরীক্ষার্থী, ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন দাখিল পরীক্ষার্থী এবং ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার্থী ছিল।
তথ্যসূত্র: আজকের পত্রিকা



