এসএসসি-এইচএসসি পরীক্ষার সময় নির্ধারণ

দেশে কোভিড পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ফলে চলতি বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময় নির্ধারণ করে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া পরীক্ষার সময় ও নম্বর কমানোর সিদ্ধান্তও নেয়া হয়।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে সম্প্রতি শিক্ষা বোর্ডগুলোর এক ভার্চুয়াল সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
সভা সূত্রে জানা গেছে, ২০২১ সালের মতো এবারো দুই পাবলিক পরীক্ষা তিন ঘণ্টার পরিবর্তে দেড় ঘণ্টায়। পরীক্ষায় পূর্ণমান ১০০ নম্বরের পরিবর্তে নির্ধারিত থাকছে ৫০ নম্বর। ইসলাম ও নৈতিক শিক্ষা এবং আইসিটি বিষয় বাদ দিয়ে অন্যান্য সকল বিষয়ের পরীক্ষা হতে পারে। এ বছর চূড়ান্ত পরীক্ষার আগে হবে টেস্ট পরীক্ষা।
মঙ্গলবার এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আবদুস সালাম বলেন, বিভিন্ন প্রস্তাবের ভিত্তিতে সংক্ষিপ্ত সিলেবাসের ওপর এসএসসি পরীক্ষা মে মাসে আর এইচএসসি পরীক্ষা জুলাই মাসে আয়োজন করার সিদ্ধান্ত হয় সভায়। তবে করোনা পরিস্থিতির ওপর সব সিদ্ধান্ত নির্ভর করবে।
জানা গেছে, সভায় সিদ্ধান্ত হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এসএসসি ও সমমানের টেস্ট পরীক্ষা ৩ এপ্রিলের মধ্যে শেষ করতে হবে। এসএসসির চূড়ান্ত পরীক্ষা শুরু হবে আগামী ১৯ মে। শেষ হবে ৯ জুন। এইচএসসি ও সমমানের টেস্ট পরীক্ষা শেষ করতে হবে ৭ জুনের মধ্যে। উচ্চমাধ্যমিক পর্যায়ের চূড়ান্ত পরীক্ষা শুরু হবে ১৮ জুলাই। ৩১ আগস্ট শেষ হবে এই পরীক্ষা।
এসএ



