ঈদের আগে হচ্ছে না এসএসসি পরীক্ষা

পবিত্র ঈদুল আজহার আগে আর অনুষ্ঠিত হচ্ছে না এসএসসি পরীক্ষা। বন্যা পরিস্থিতির উন্নতি হলে আগামী সাত থেকে দশ দিন পর পূণরায় এসএসসির নতুন রুটিন প্রকাশ করা হবে। ঢাকা শিক্ষাবোর্ড থেকে এ তথ্য জানা যায়।
এ বিষয়ে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ড চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ঈদের আগে এসএসসি পরীক্ষা আয়োজনের সুযোগ যে একেবারে নেই তা বলবো না। তবে সবকিছুই নির্ভর করছে বন্যা পরিস্থিতির ওপর। আমরা আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যেই বন্যা পরিস্থিতির উন্নতি হবে। আর পরিস্থিতি ভাল হলেই পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে।
এদিকে এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। এ বিষয়ে অধ্যাপক তপন কুমার সরকার বলেন, বন্যা কবলিত এলাকা ছাড়া অন্য সব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক নিয়মে পাঠদান চালু থাকবে। যদি কোনো প্রতিষ্ঠান ক্লাস কার্যক্রম ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে তবে তা পূণরায় চালু করতে হবে।
এর আগে শুক্রবার দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীর ১৯ জুন থেকে শুরু হওয়া সকল শিক্ষা বোর্ডের এসএসসি জেনারেল, এসএসসি ভোকেশনাল এবং দাখিল পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে বলেও জানিয়েছে।



