প্রধান খবরশিক্ষা

সারা দেশে একযোগে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, কমেছে পরীক্ষার্থী

চলতি বছর এইচএসসিতে পরীক্ষার্থী কমেছে প্রায় ২ লাখ। পরীক্ষায় অংশ নেবে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। অথচ ২০২১ সালে এই সংখ্যা ছিল ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন। সেই হিসাবে এ বছরের এইচএসসি পরীক্ষার্থী কমেছে ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন।

সংশ্লিষ্টরা মনে করছেন, করোনা ও এসএসসি পরীক্ষার পর দীর্ঘ গ্যাপে অনেক শিক্ষার্থী কর্মমুখী হয়ে পড়েছে। এছাড়া প্রতিবছরই পরীক্ষার্থীর সংখ্যা বাড়ে-কমে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনার কারণে চলতি বছর সব বিষয়ে ও পূর্ণ নম্বরে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। শিক্ষা বোর্ড সিলেবাস পুনর্বিন্যাস করেছে। তবে ২০২৩ সাল থেকে সব বিষয় ও পূর্ণ নম্বর পুনর্বিন্যাস করা সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের হলে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। অনিবার্য কারণে কোনও পরীক্ষার্থী নির্ধারিত সময় পরে প্রবেশ করলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময়, বিলম্ব হওয়ার কারণ একটি রেজিস্টারে লিপিবদ্ধ করে ওই দিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন দিতে হবে।

এছাড়া পরীক্ষা শুরুর ২৫ মিনিটি আগে এসএমএস এর মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেওয়া হবে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মুঠোফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে হলে প্রবেশ করতে পারবেন না।

ভারপ্রাপ্ত কর্মকর্তার ক্ষেত্রেও ছবি তোলা যায় না এমন মোবাইলফোন ব্যবহার করতে পারবেন। পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা রোববার (৬ নভেম্বর) থেকে শুরু হবে। আগামীকাল সকাল ১১টায় হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা।

এই বিভাগের অন্য খবর

Back to top button