
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সারাদেশে একযোগে শুরু হচ্ছে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। তত্ত্বীয় পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত, এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর মোট ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে, ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতীয় পর্যায়ে গঠিত মনিটরিং ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, প্রশ্নপত্র ফাঁসের গুজব প্রতিরোধে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। সেই সঙ্গে, পরীক্ষার দিনগুলোতে কেন্দ্রের আশপাশে ফটোকপি মেশিন বন্ধ রাখার ব্যবস্থাও নেওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এর মধ্যে ছাত্র সাত লাখ এক হাজার ৫৩৮ জন, ছাত্রী সাত লাখ ৮৮ হাজার ৬০৪ জন। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা দুই হাজার ২৯১টি এবং প্রতিষ্ঠান সংখ্যা ১৮ হাজার ৮৪টি।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষা ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী রয়েছে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। ঢাকা শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ৩ লাখ ৮১ হাজার ১১৯ জন, রাজশাহী বোর্ডে ১ লাখ ৮১ হাজার ৯০৪ জন, কুমিল্লা বোর্ডে ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন, এবং যশোর বোর্ডে ১ লাখ ৪১ হাজার ৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী রয়েছে।



