বিনোদন

হিরো আলম গ্রেপ্তার

সাবেক স্ত্রী রিয়া মনির করা হত্যাচেষ্টা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বেলা আড়াইটার দিকে রাজধানীর রামপুরা উলন এলাকার একটি ব্যক্তিগত প্রতিষ্ঠান থেকে তাঁকে আটক করে হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়।

ঘটনাটি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইবনে মিজান। তিনি জানান, গত ২৩ জুন হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে রিয়া মনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছিলেন। মামলায় হিরো আলমের পাশাপাশি আহসান হাবিব সেলিম নামের আরও একজনকে আসামি করা হয়। পরে ১২ নভেম্বর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, হিরো আলম ও রিয়া মনির মধ্যে সম্প্রতি বিরোধ দেখা দেয়। পরে হিরো আলম তাঁকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। ২১ জুন হাতিরঝিল থানার একটি বাসায় পারিবারিক মীমাংসার জন্য ডাকার পর সেখানে হিরো আলমসহ ১০–১২ জন অজ্ঞাত ব্যক্তি রিয়া মনি ও তাঁর পরিবারের সদস্যদের গালাগাল ও হুমকি দেন। পরবর্তীতে তাঁরা রিয়া মনির বর্তমান বাসায় ঢুকে কাঠের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারধর করেন। এতে রিয়া মনি আহত হন এবং তাঁর গলার দেড় ভরি সোনার চেইন চুরি হয়।

তথ্যসূত্র: প্রথম আলো

এই বিভাগের অন্য খবর

Back to top button