বিনোদন
প্রধান খবর

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো

মিস ইউনিভার্সের ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালে বাজিমাত করে বিশ্বসেরার মুকুট জিতে নিয়েছেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো। বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায় পুয়ের্তো রিকোর সান হুয়ানের হোসে মিগেল আগ্রেলট কলিসিয়ামে শুরু হয় জমকালো এই গ্র্যান্ড ফিনালে।

চূড়ান্ত পর্বের শুরুতেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীদের মধ্য থেকে সেরা ৩০ জনের নাম ঘোষণা করা হয়। এরপর সুইমস্যুট রাউন্ড শেষে ১২ জন এবং ইভনিং গাউন পর্বে গ্ল্যামার ছড়িয়ে চূড়ান্ত পাঁচে জায়গা করে নেন পাঁচ সুন্দরী।

সেরা পাঁচে জায়গা করে নেন স্বাগতিক দেশ পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো, ফিলিপাইনের বিট্রিস ‘বিয়া’ মিলান উইনডরস্কি, নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েটজ এবং ডমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ।

সেরা পাঁচে ওঠার পর প্রতিযোগীদের সামনে আসে মেধা ও উপস্থিত বুদ্ধির চূড়ান্ত পরীক্ষা। বিচারকদের দুটি করে প্রশ্নের জবাব দিতে প্রতিটি প্রতিযোগী পান মাত্র ৩০ সেকেন্ড। প্রথম প্রশ্নটি প্রত্যেকের জন্য আলাদা হলেও দ্বিতীয় প্রশ্নটি ছিল সবার জন্য অভিন্ন।

তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও সার্বিক মূল্যায়ন শেষে জেনিফার বারেত্তোকে ‘মিস ইউনিভার্স ২০২৬’ হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়।

বিজয়ীর মাথায় শোভা পাচ্ছে ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’ নামের বিশেষ মুকুট। ১৮ ক্যারেটের সাদা সোনা ও ৩ হাজার ১৫০টি হীরা দিয়ে তৈরি এই রাজকীয় মুকুট নতুন বিজয়ীর মাথায় পরিয়ে দেন গত আসরের মিস ইউনিভার্স, মেক্সিকোর ফাতিমা বশ।

বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে প্রায় ৮ কোটি ভোটের সমর্থন পেয়েছেন সামিরা খান মাহি। তবে শেষ পর্যন্ত সেরা ৩০-এ জায়গা হয়নি তার। সেমিফাইনালের প্রথম বাছাই থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশের এই প্রতিনিধিকে। অথচ গ্র্যান্ড ফিনালের ঠিক আগমুহূর্তেও দেশবাসীর ভালোবাসা নিয়ে আশাবাদী ছিলেন তিনি।

ছবি: ফেসবুক থেকে

ফাইনাল শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছিলেন মাহি। সেখানে নিজের দেশের মানুষের প্রতি গর্ব ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লিখেছিলেন, ‘৭৫তম মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফাইনাল আনুষ্ঠানিকভাবে এখানে এসে পৌঁছেছে! অসংখ্য গর্ব এবং কৃতজ্ঞতা নিয়ে, আমি আমার জাতির আশা এবং ভালোবাসা নিয়ে চলছি। বাংলাদেশ, এই মুহূর্তটি আমাদের!’

মাহির এই বার্তায় ছিল দেশের মানুষের ভালোবাসা সঙ্গে নিয়ে বিশ্বমঞ্চে এগিয়ে যাওয়ার প্রত্যয়। এর আগে প্রায় ৮ কোটি ভোটের সমর্থন পাওয়ার কথা জানিয়ে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন তিনি। তার কাছে এই সমর্থন কেবল ভোটের সংখ্যা ছিল না, বরং দেশের মানুষের ভালোবাসা, বিশ্বাস ও আবেগের প্রতিফলন।

তবে শেষ পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ হয়নি। মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর সান হুয়ানে অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে। বিশ্বের ১১৬ প্রতিযোগীর মধ্য থেকে প্রথম ধাপে সেরা ৩০ জনের নাম ঘোষণা করা হয়। সেই তালিকায় মাহির নাম না থাকায় প্রতিযোগিতা থেকে ছিটকে যান তিনি।

এবারের আসরে জাতীয় পোশাক প্রদর্শনীতেও বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরে প্রশংসা পেয়েছিলেন মাহি। লাল-সাদা খাদির শাড়ি ও ‘মাতৃত্ব: ভালোবাসার সর্বজনীন বন্ধন’ ভাবনার পোশাকে মঞ্চে হাজির হয়েছিলেন তিনি। পোশাকের মাধ্যমে মা ও সন্তানের সম্পর্কের পাশাপাশি মাতৃভূমির প্রতি ভালোবাসার বার্তা তুলে ধরেছিলেন বাংলাদেশের এই প্রতিনিধি।

৭৫তম মিস ইউনিভার্সের আসরে বিশ্বসুন্দরীর মুকুট উঠেছে পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার বারেত্তোর মাথায়। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ডমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ। দ্বিতীয় রানারআপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। তৃতীয় রানারআপ ফিলিপাইনের বিয়া মিলান-উইনডরস্কি এবং চতুর্থ রানারআপ হয়েছেন নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।

উল্লেখ্য, ২০১৯ সালে প্রথমবারের মতো মিস ইউনিভার্সে অংশ নেয় বাংলাদেশ। গত বছর তানজিয়া জামান মিথিলা প্রথমবারের মতো দেশকে সেরা ৩০-এ জায়গা করে দেওয়ার সাফল্য এনে দেন। এবার সেই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা ছিল সামিরা খান মাহিকে ঘিরে। তবে বিপুল সমর্থন ও প্রত্যাশা নিয়েও শেষ পর্যন্ত সেরা ৩০-এর লড়াইয়ে টিকে থাকতে পারেননি তিনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button