গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই হিরো আলমের জামিন

রাজধানীর হাতিরঝিল থানায় সাবেক স্ত্রী রিয়া মনির করা হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর মামলায় গ্রেপ্তার হওয়ার কয়েক ঘণ্টা পর জামিন পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান ২০০ টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
বিকেল ৪টার দিকে হাতিরঝিল থানা থেকে হিরো আলমকে সিএমএম আদালতে হাজির করে পুলিশ। হাজতখানায় রাখা পর তাকে কঠোর নিরাপত্তায় আদালতের ৯ তলার এজলাসে নেওয়া হয়। হিরো আলমের আইনজীবীরা জামিনের পক্ষে যুক্তি তুলে ধরেন, আর বাদীপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন দেন।
এর আগে শনিবার দুপুরে রাজধানীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে হাতিরঝিল থানা পুলিশ। গত ১২ নভেম্বর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলম ও তার সহযোগীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, হিরো আলম ও রিয়া মনির মধ্যে মনোমালিন্যের পর হিরো আলম তাকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। ২১ জুন কথিত সমঝোতার উদ্দেশ্যে হাতিরঝিলে একটি বাসায় ডাকা হলে হিরো আলমসহ ১০–১২ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের গালাগাল ও মারধর করেন। অভিযোগ অনুযায়ী, বাদীর বাসায় বেআইনিভাবে ঢুকে কাঠের লাঠি দিয়ে হামলা চালানো হয় এবং তার গলায় থাকা দেড় ভরি সোনার চেইন চুরি হয়।
তথ্যসূত্র: ইত্তেফাক



