
ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনীনির্ভর সিনেমা ‘প্রীতিলতা’ আবারও নতুন করে যাত্রা শুরু করতে যাচ্ছে। দীর্ঘদিন থেমে থাকার পর আগামী বছর শুটিং শুরু করার পরিকল্পনার কথা জানিয়েছেন ছবিটির নির্মাতা রাশিদ পলাশ।
পরীমনি অভিনীত এই সিনেমাটির কাজ প্রথম শুরু হয়েছিল ২০২০ সালে। সে সময় ঢাকায় শুটিংয়ের মাধ্যমে ছবিটির প্রায় ৩০ শতাংশ কাজ সম্পন্ন হয়। তবে বিভিন্ন জটিলতা, করোনা পরিস্থিতি এবং পরীমনির মাতৃত্বকালীন বিরতির কারণে সিনেমাটির কাজ বন্ধ হয়ে যায়।
২০২১ সালে প্রীতিলতা চরিত্রে পরীমনির ফার্স্টলুক প্রকাশের পর দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। এরপর দীর্ঘ সময় কাজ থেমে থাকলেও অবশেষে সব বাধা কাটিয়ে আবারও সিনেমাটির কাজ শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে।
নির্মাতা রাশিদ পলাশ জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের এপ্রিল মাসে রোজার ঈদের পর চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে সিনেমাটির বাকি অংশের শুটিং শুরু হবে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী পরীমনির সঙ্গে একটি ছবি শেয়ার করে নির্মাতা রাশিদ পলাশ লেখেন,
“এবার প্রীতিলতাও শেষ হবে ইনশাআল্লাহ ২০২৬।”
এর জবাবে পরীমনি মন্তব্য করেন,
“আমিও প্রস্তুত আছি।”
এই মন্তব্যের মাধ্যমেই স্পষ্ট হয়েছে, সব জটিলতা পেছনে ফেলে নতুন বছরে আবারও প্রীতিলতা ওয়াদ্দেদারের চরিত্রে ক্যামেরার সামনে দাঁড়াতে প্রস্তুত অভিনেত্রী পরীমনি।
ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমাটি শেষ পর্যন্ত দর্শকের সামনে আসবে—এমন প্রত্যাশায় এখন অপেক্ষায় চলচ্চিত্রপ্রেমীরা।
তথ্যসূত্র: যুগান্তর



