
দীর্ঘ বিরতির পর আবারও নতুন প্রজেক্টের ইঙ্গিত দিয়ে আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে তার সম্ভাব্য নতুন কাজ ঘিরে চলচ্চিত্র অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। ভক্তদের মধ্যেও দেখা দিয়েছে নতুন প্রত্যাশা।
২০১৫ সালে বড়পর্দায় অভিষেকের পর ২০১৬ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘রক্ত’ সিনেমার মাধ্যমে আলোচনার কেন্দ্রে আসেন পরীমণি। অ্যাকশন-রোম্যান্টিক ঘরানার এই চলচ্চিত্রে তার গ্ল্যামারাস উপস্থিতি দর্শকদের নজর কাড়ে এবং ‘ডানাকাটা পরী’ ইমেজ গড়ে তুলতে বড় ভূমিকা রাখে।
বিশেষ করে ছবির জনপ্রিয় আইটেম গান- “স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে, লাগায় হুড়োহুড়ি, হায়রে কী যে করি, আমি ডানাকাটা পরী”- দুই বাংলায় ব্যাপক সাড়া ফেলেছিল।
এরপর একে একে ‘স্বপ্নজাল’ (২০১৮), ‘বিশ্বসুন্দরী’ (২০২০), ‘গুণিন’ (২০২১), ‘স্ফুলিঙ্গ’ (২০২১) এবং ‘মুখোশ’ (২০২২)-এর মতো আলোচিত চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে একজন পরিণত অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি।
সবশেষে বড়পর্দায় তাকে দেখা যায় ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায়। এরপর ব্যক্তিগত জীবন, মাতৃত্ব এবং নানা চ্যালেঞ্জের কারণে চলচ্চিত্রে তার উপস্থিতি কমে যায়।
সম্প্রতি ‘বিশ্ব পরী দিবস’ উপলক্ষে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ পরীমণির বাসায় যান। সেখানে পরীমণির ছেলে রাজ্যের সঙ্গে কেক কাটার মুহূর্তও দেখা যায়।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমণি লিখেন, সেলিব্রেটিং সামথিং বিগ! কামিং সুন!! জাজ মাল্টিমিডিয়া এক্স পরীমনি এগেইন”।
এই পোস্ট প্রকাশের পর থেকেই নতুন প্রজেক্ট নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।
তবে বিষয়টি নিয়ে এখনই বিস্তারিত জানাতে রাজি নন জাজ মাল্টিমিডিয়ার প্রযোজক আব্দুল আজিজ। তিনি বলেন, “এ বিষয়ে এখনই আমরা কিছু বলতে চাই না। অফিসিয়ালি ঘটা করে জানাবো।”
অন্যদিকে পরীমণিও নতুন কাজ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। তবে ‘সামথিং বিগ’ আসছে- এমন ইঙ্গিত দিয়ে ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছেন তিনি।
দীর্ঘ বিরতির পর জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে সম্ভাব্য এই প্রত্যাবর্তন পরীমণির ক্যারিয়ারে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে বলে মনে করছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা। ভক্তদের প্রত্যাশা, নতুন এই প্রজেক্টের মাধ্যমে আবারও শক্তিশালী উপস্থিতি নিয়ে বড়পর্দায় ফিরবেন এক সময়ের আলোচিত ‘ডানাকাটা পরী’।
তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন