
অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে পালিত হয় ‘ফরগিভ অ্যান এক্স ডে’ বা প্রাক্তনকে ক্ষমা করার দিন। প্রতি বছর ১৭ অক্টোবর পালিত হয় দিবসটি। ২০২৬ সালে দিনটি শনিবার। এর মূল ভাবনা হলো, অতীতের সম্পর্ক ঘিরে জমে থাকা রাগ, ক্ষোভ ও অভিমান থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করা।
তবে প্রাক্তনকে ক্ষমা করার ব্যাপারে আপত্তি আছে কি না, তা নিয়ে কৌতূহল তৈরি করেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। শনিবার প্রাক্তনকে ক্ষমা করার দিন নিয়ে একটি সংবাদ নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন তিনি। সঙ্গে রাগের ইমোজি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘নো নো নো নো নোওওও…।’
পরীমনির এই পোস্টে অনুরাগীরা বেশ মজা পেয়েছেন। তবে ঠিক কোন প্রাক্তনকে ক্ষমা করতে চান না তিনি, সে বিষয়ে কিছু জানাননি নায়িকা।
পরীমনির প্রেম ও বিয়ের গল্প
পরীমনির প্রেম ও বিয়ের জীবনে প্রাক্তনের তালিকা বেশ দীর্ঘ। তাঁদের মধ্যে অন্যতম অভিনেতা শরীফুল ইসলাম রাজ। তাঁর সঙ্গে বেশ কিছুদিন সংসার করেছেন পরীমনি। এই দম্পতির একটি সন্তানও রয়েছে।
রাজের সঙ্গে বিচ্ছেদের পর বর্তমানে ছেলেকে নিয়ে নিজের মতো করে জীবন কাটাচ্ছেন পরীমনি। পাশাপাশি দত্তক নিয়েছেন একটি কন্যাসন্তানও।

দুই সন্তানকে আগলে রেখেই কাটছে পরীমনির দিনগুলো। সন্তানদের নিয়ে তাঁর জীবনের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমেও উঠে আসে। তবে প্রাক্তনকে ক্ষমা করার দিন নিয়ে তাঁর রহস্যময় পোস্ট ঘিরে অনুরাগীদের কৌতূহল এখনো কাটেনি।
তথ্যসূত্র: জাগো নিউজ



