বিনোদন

শারীরিক অবস্থার কারণে পরী নির্বাচন করতে পারছে না: পরীমণির স্বামী রাজ

বিয়ে-বাচ্চার খবরে জ্বলে ওঠা আগুনে ভালোই ঘি পড়েছে পরীমণির নির্বাচন করার খবরে। তবে সেই আগুনে এবার জল ঢেলে দিলেন পরীর স্বামী নায়ক শরিফুল রাজ।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করার কথা ছিলো পরীমণির। এরমধ্যে তার মনোনয়নপত্রও জমা পড়েছে নির্বাচন কমিশনে। শেষ হয়েছে প্রত্যাহারের সময়ও।

অথচ শনিবার (১৫ জানুয়ারি) দুপুর নাগাদ পরীমণির স্বামী শরিফুল রাজ গণমাধ্যমকে জানান, ‘শারীরিক অবস্থার কারণে পরী নির্বাচন করতে পারছে না। সে সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছে। তাকে ডাক্তার দেখানোর জন্য দ্রুত ভারতে নেয়ার পরিকল্পনা রয়েছে।’ 

পরে পরীমণি নিজেও বাংলা ট্রিবিউনকে এই নির্বাচনে না থাকার বিষয়ে নিশ্চিত করেন।

ঘটনার সত্যতা মিলেছে ইলিয়াস-নিপুণ প্যানেলের একাধিক প্রার্থীর সঙ্গে আলাপ করে। তবে জমা পড়া মনোনয়নপত্র প্রত্যাহার বা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এটুকু জানা গেছে প্যানেলের পক্ষ থেকে।

এদিকে নির্বাচন কমিশনার পীরজাদা হারুন বলেন, ‘আজ (১৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের সময় ছিলো। সেটা অতিক্রম হওয়ার পর আমরা পরীরমণির বিষয়টি জানতে পারি। ফলে এখন আর প্রত্যাহারের সুযোগ নেই। ব্যালটে পরীমণির নাম থাকছেই।’ 

এই বিভাগের অন্য খবর

Back to top button