অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি লাশ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন অলিপুর ব্রিজ সংলগ্ন কদমতলী এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর লাশ উদ্ধার হয়েছে।
সোমবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় স্থানীয় লোকজন বস্তাবন্দি লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। মরদেহটি বস্তায় ভরে ফেলে রাখা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।
হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিষয়ে কিছু জানা যায়নি। শিমু বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার কর্মী ছিলেন।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি টুকরা করে দুটি বস্তায় ভরে ফেলে রাখা হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খণ্ডিত অংশগুলো উদ্ধার করে পুলিশ।
নিহতের গলায় একটি দাগ রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, এর আগে শিমু নিখোঁজ হওয়ার বিষয়ে রাজধানীর কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
সুরাতালের জন্য মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালে লাশ পাঠানো হয়েছে। তরুণীর আনুমানিক বয়স ২৩। উদ্ধারের সময় পরনে ছিলো বেগুনি রঙের কামিজ ও সাদা রঙের সালোয়ার।



