মাদক মামলা স্থগিতের আবেদন পরীমনির

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও চর্চিত নায়িকা পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্যের মামলায় হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার জজ আদালতের দেয়া আদেশের বিরুদ্ধে আবেদন করেছে পরীমনি।
সোমবার সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়েছে।
পরীমনির আইনজীবী মো. শাহিনুজ্জামান শাহীন বলেন, পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলা নিয়ে হাইকোর্টের দেয়া আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছিলেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ওই আদেশে বলা হয়েছিল যে, ছয় সপ্তাহ পর আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে বিষয়টি শুনানি হবে। কিন্তু আমরা ওই আদেশ স্থগিত চাওয়ার পাশাপাশি ছয় সপ্তাহের আগেই বিষয়টি শুনানি করার জন্য আর্জি জানিয়েছি আপিল বিভাগে।
এর আগে ১ মার্চ মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে মামলায় অভিযোগ গঠনের আদেশ ও মামলা কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।
হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। এ আদেশের বিরুদ্ধে ৭ মার্চ রাষ্ট্রপক্ষ আপিল করে, যার শুনানির জন্য ৮ মার্চ দিন ধার্য করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
গেলো বছরের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। পরে তাকে গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়।
এসএ
