চলচ্চিত্র নির্মাতা বগুড়ার তরুণ মজুমদার আর নেই

মৃত্যুকালে তরুণ মজুমদারের বয়স হয়েছিল ৯১ বছর। চিকিৎসকরা বলেছেন, মাল্টি অরগান ফেলইউর হওয়ার কারণে তাঁর মৃত্যু হয়। গতকালও অবশ্য তাঁর ডায়ালাইসিস করা হয়েছে। যদিও তাঁর সুচিকিৎসার জন্য পিজি হাসপাতালে গড়া হয়েছিল বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড।
চিকিৎসকরা এতদিন দফায় দফায় তাঁকে পর্যবেক্ষণ করছেন। তার কিডনি, হার্টসহ শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের প্রকট সমস্যা ছিল। ছিল তাঁর অনিয়মিত হৃদস্পন্দন ।
ষাট থেকে আশির দশকে তরুণ মজুমদার বাংলা চলচ্চিত্র জগতে বেশ কয়টি বিখ্যাত ছবি নির্মাণ করেন। অভিনেত্রী সন্ধ্যা রায়কে বিয়ে করেছিলেন তিনি।
তরুণ মজুমদারের জন্ম বাংলাদেশের বগুড়া জেলায়, ১৯৩১ সালের ৮ জানুয়ারি। প্রথম উত্তম-সূচিত্রা জমানায় ছবি নির্মাণে নেমেছিলেন তরুণ মজুমদার। তাঁর পরিচালিত প্রথম ছবি হলো ‘চাওয়া পাওয়া’। ১৯৫৯ সালে উত্তম-সূচিত্রা এবং তুলসী চক্রবর্তীকে নিয়ে তৈরি করেছিলেন ছবিটি। এরপর তিনি একের পর এক ছবি বানান। ছবি বানিয়েছেন ৩৬টি। সর্বশেষ ছবি ২০১৮ সালের ‘ভালোবাসার বাড়ি’। ওই বছরই অবশ্য শেষ তথ্যচিত্র করেছিলেন তিনি। তথ্যচিত্রটি হলো ‘অধিকার’।

