আন্তর্জাতিক খবর

শেখ হাসিনার রায় নিয়ে যা বলল ভারত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আনা পাঁচ অভিযোগের মধ্যে দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড এবং আরেকটিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করে জানায়, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিষয়ে ভারত অবগত আছে। তারা উল্লেখ করে, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার প্রতি ভারত প্রতিশ্রুতিবদ্ধ এবং এ লক্ষ্যে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করবে।

এদিকে, দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। রায় ঘোষণার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের অন্য দেশে আশ্রয় দেওয়া ন্যায়বিচারের প্রতি অবজ্ঞা ও অবন্ধুত্বপূর্ণ আচরণ হিসেবে বিবেচিত হবে। ভারতকে অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের পরামর্শও দেওয়া হয়।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাদের হস্তান্তর করা ভারতের জন্যও বাধ্যতামূলক দায়িত্ব।

তথ্যসূত্র: ইত্তেফাক

এই বিভাগের অন্য খবর

Back to top button