
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিপত্রে নারীদের প্রকৃত নাম ব্যবহার নিষিদ্ধ করেছে তালেবান সরকার। নারীদের প্রকৃত নামের পরিবর্তে ‘বিবি’ (দাদি বা বৃদ্ধা) নামে ডাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্পেনের সংবাদমাধ্যম এল পাইস। খবর ফক্স নিউজের।
প্রতিবেদন অনুযায়ী, স্বাস্থ্যকর্মী ও সরকারি কর্মচারীদের নারীদের ‘বিবি’ বলে সম্বোধন করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি হাসপাতালের চিকিৎসাসংক্রান্ত নথি ও ব্যবস্থাপত্রেও নারীদের প্রকৃত নাম ব্যবহার করা হচ্ছে না।
জার্মানিতে বসবাসরত আফগান নারী অধিকারকর্মী লালাহ ওসমানি বলেন, নারী, চিকিৎসক ও অধিকারকর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কিছু নারীকে ‘ছাগল’ ও ‘গরু’ বলেও ডাকা হচ্ছে।
তিনি বলেন, এটি মানুষকে অমানবিক করে তোলার একটি পরিকল্পিত প্রক্রিয়া। একজন আফগান অধিকারকর্মীও এ ধরনের নির্দেশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার দাবি, এখন পর্যন্ত এই নির্দেশ উপেক্ষা করা হয়েছে।
নারী অধিকারবিষয়ক সংস্থা ফেমেনার আফগানিস্তান কর্মসূচির পরিচালক জুবাইদা আকবার আশঙ্কা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে তালেবান এ নিষেধাজ্ঞা পুরো দেশে চালু করতে পারে। এর আগে বিভিন্ন এলাকায় জারি করা বিধিনিষেধও পরে দেশজুড়ে কার্যকর করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, আফগান নারীদের অধিকার সীমিত করে তালেবান এ পর্যন্ত ১৪৪টির বেশি নির্দেশ জারি করেছে। ১২ বছরের বেশি বয়সী মেয়েদের পড়াশোনা বন্ধ, নারীদের অধিকাংশ পেশায় কাজের সুযোগ বন্ধ এবং জনসমক্ষে কথা বলার ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে।
এসব বাধা উপেক্ষা করে কিছু নারী গোপনে ব্যবসা পরিচালনা করছেন এবং মেয়েদের পড়াচ্ছেন। গত ১৭ নভেম্বর অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। তবে প্রতিরোধবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আসলাম বলেন, ইসলামি শরিয়াহ ও প্রচলিত আইন মেনে নারীরা ব্যবসা ও সামাজিক কার্যক্রম চালাতে পারবেন।
এদিকে, চিকিৎসাসংক্রান্ত নথিতে নারীদের প্রকৃত নাম না থাকলে বড় ধরনের সমস্যা হতে পারে বলে সতর্ক করেছেন মানবাধিকার কর্মী লালাহ ওসমানি। তার মতে, একই ধরনের নামে রোগীদের নথি সংরক্ষণ করা হলে চিকিৎসায় ভুল হওয়ার আশঙ্কা বাড়বে।
লালাহ ওসমানি বলেন, আফগানিস্তানে একজন নারীকে তার প্রকৃত নামে ডাকা হবে একটি প্রতিরোধের কাজ।
তথ্যসূত্র: যমুনা টিভি



