শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল জাতিসংঘ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)। সোমবার (১৭ নভেম্বর) জেনেভা থেকে এক বিবৃতিতে মন্তব্য করেন সংস্থাটির মুখপাত্র রাভিনা শামদাসানি।
তিনি বলেন, ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে যে রায় দিয়েছেন, তা গত বছরের বিক্ষোভ দমনের সময় গুরুতর অধিকার লঙ্ঘনের শিকারদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।
তিনি উল্লেখ করেন, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশের পর থেকে ওএইচসিএইচআর বারবার দাবি জানিয়েছে— নির্দেশনা ও নেতৃত্বের অবস্থানে থাকা ব্যক্তিসহ সব দায়ীকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী জবাবদিহির আওতায় আনতে হবে এবং ভুক্তভোগীদের জন্য কার্যকর প্রতিকার ও ক্ষতিপূরণের সুযোগ নিশ্চিত করতে হবে।
শামদাসানি আরও বলেন, সংস্থাটি বিচারকার্য সরাসরি পর্যবেক্ষণ করেনি, তবে আন্তর্জাতিক অপরাধের অভিযোগে যেকোনো জবাবদিহি প্রক্রিয়ায় ন্যায়বিচারের মান বজায় রাখা অত্যন্ত জরুরি। বিশেষত এই মামলায় বিচার অনুষ্ঠিত হয়েছে দোষীর অনুপস্থিতিতে এবং রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে—এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক মানদণ্ড আরও কঠোরভাবে অনুসরণ করা প্রয়োজন।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, সংস্থাটি সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধী।
রায়ের পর সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংযত আচরণের আহ্বান জানিয়ে শামদাসানি বলেন, জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার টুর্ক আশা করেন বাংলাদেশ সত্য উদ্ঘাটন, ক্ষতিপূরণ ও ন্যায়বিচারের একটি সমন্বিত প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হবে। এর মধ্যে আন্তর্জাতিক মানসম্মত রূপান্তরমূলক নিরাপত্তা খাত সংস্কার থাকা উচিত, যাতে ভবিষ্যতে এমন লঙ্ঘন ও নির্যাতন আর না ঘটে। এ প্রক্রিয়ায় বাংলাদেশকে সহায়তা করতে ওএইচসিএইচআর প্রস্তুত রয়েছে।
তথ্যসূত্র: যুগান্তর



