
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চাঁদ দেখার ওপর নির্ভর করে অঞ্চলভেদে ভিন্ন দিনে ঈদ উদযাপিত হচ্ছে।
গালফ নিউজ-এর তথ্যমতে, শাওয়াল মাসের চাঁদ দেখার পর আফগানিস্তান, নাইজার এবং মালি-তে বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন নিশ্চিত করা হয়েছে।
অন্যদিকে, রমজানের ৩০ দিন পূর্ণ হওয়া অথবা চাঁদ দেখা না যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর মধ্যপ্রাচ্যসহ বিশ্বের একটি বড় অংশে শুক্রবার (২০ মার্চ) ঈদ উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, তুরস্ক, মালদ্বীপ, লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন ও ইরাক।
একই সঙ্গে আফ্রিকার কয়েকটি দেশ-সুদান, জিবুতি, সোমালিয়া, উগান্ডা, নাইজেরিয়া, চাদ, গাম্বিয়া, গিনি, বেনিন, সেনেগাল ও ক্যামেরুন-এও শুক্রবার ঈদ উদযাপন করা হবে।
এদিকে সিঙ্গাপুর কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে।
অন্যদিকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, ইরান, ওমান, জর্ডান, সিরিয়া, মিসর, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো ও মৌরিতানিয়াসহ বিভিন্ন দেশে বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে এসব দেশে শুক্রবার বা শনিবার ঈদ উদযাপিত হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে সংশ্লিষ্ট দেশের জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার ওপর।
তবে গ্যাবন, টোগো, আইভরি কোস্ট, সিয়েরা লিওন, গিনি-বিসাউ ও সুরিনামসহ কয়েকটি দেশ এখনো ঈদের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।
সূত্র: সময় টিভি



