
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমঝোতার মাধ্যমেই সংকটের সমাধান চান তিনি। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
পারস্য উপসাগরীয় অঞ্চলের চলমান উত্তেজনা, সম্ভাব্য সামরিক পদক্ষেপ এবং আসন্ন আলোচনা প্রসঙ্গে ট্রাম্প বলেন, তিনি মানুষ হত্যা করতে চান না; বরং একটি কার্যকর চুক্তিতে পৌঁছানোই তার অগ্রাধিকার।
তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ মধ্যস্থতায় আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। ট্রাম্পের ভাষ্য, যুদ্ধ হলে তা ইরানের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারত। তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ইরানের পক্ষ থেকে যোগাযোগের পর একটি সম্ভাব্য সমঝোতার সুযোগ তৈরি হওয়ায় সামরিক অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে।
সম্ভাব্য চুক্তির গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে ট্রাম্প হরমুজ প্রণালির পূর্ণাঙ্গ উন্মুক্তকরণ এবং ইরানের পারমাণবিক কর্মসূচির নিরস্ত্রীকরণে অগ্রগতির বিষয়টি উল্লেখ করেন।
তিনি আলোচনার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেননি। তবে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র যে যেকোনো সময় সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে, সে অবস্থানও পুনর্ব্যক্ত করেন।
আঞ্চলিক মধ্যস্থতাকারীদের উদ্যোগে হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনা প্রশমিত করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই ট্রাম্পের এই বক্তব্য সামনে এলো।
সূত্র: গালফ নিউজ