প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা

তিন দফা দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে রোববার (৯ নভেম্বর) থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানের পাশাপাশি সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী সহকারী শিক্ষকরা।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ এ তথ্য জানান।
এর আগে সকাল থেকে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন। বিকেলে তারা শাহবাগে এলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে একাধিক শিক্ষক আহত হন।
শিক্ষক নেতা শামছুদ্দীন মাসুদ জানান, শতাধিক শিক্ষক আহত হয়েছেন। বেশিরভাগের শরীরে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডের ক্লিংকার বিদ্ধ হয়েছে। এছাড়া পাঁচজন শিক্ষককে আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো—
১. ১০ম গ্রেডে বেতন নির্ধারণ,
২. ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান,
৩. শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিতকরণ।
তথ্যসূত্র: বাংলা নিউজ ২৪



