
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় আসছে না।
মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সটির অবতরণের কথা থাকলে আগের নেওয়া অনুমতি বাতিলের অনুরোধ জানানো হয়েছে।
এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন কর্মকর্তা। তিনি জানান, জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে পূর্বের স্লট অনুমোদন প্রত্যাহারের আনুষ্ঠানিক আবেদন করেছে।
ওই কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাতিলের অনুরোধটি আমরা প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবো।’
তবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ বাংলা ট্রিবিউনকে জানান, তিনি এখনও এয়ার অ্যাম্বুলেন্সটি না আসার বার্তা পাননি।
এর আগে রবিবার (৭ ডিসেম্বর) জমা দেওয়া অপারেটরের প্রাথমিক আবেদনের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৮টায় অবতরণ ও একই দিন রাত ৯টার দিকে উড্ডয়নের অনুমোদন দেওয়া হয়েছিল।
তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন



