জাতীয়
প্রধান খবর

খালেদা জিয়ার জানাজায় অতিরিক্ত ভিড়ে পদদলিত হয়ে এক ব্যক্তির মৃত্যু

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে গিয়ে অতিরিক্ত ভিড়ের মধ্যে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম পাশে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মানিক। তিনি ভোলা জেলার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজার অনেক আগেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। একপর্যায়ে ভিড়ের চাপ বেড়ে গেলে ধাক্কাধাক্কির সৃষ্টি হয়। এ সময় মানিক মাটিতে পড়ে যান এবং গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, তবে পথেই তার মৃত্যু হয়।

বিকেল ৩টা ৫ মিনিটে বেগম খালেদা জিয়ার জানাজা শেষ হয়। জানাজায় ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। এতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং লাখো সাধারণ মানুষ।

জানাজা উপলক্ষে ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় অবস্থান নিতে শুরু করেন। জনসমাগম এতটাই ব্যাপক ছিল যে তা বিজয় সরণি, খামারবাড়ি মোড়, ফার্মগেট, কারওয়ান বাজার, পান্থপথ, শেরে বাংলা নগর, কলেজগেট, আসাদগেট ও শাহবাগ পর্যন্ত ছড়িয়ে পড়ে। ভবনের ছাদ, ওভারব্রিজসহ যেখানেই সুযোগ পাওয়া গেছে, সেখানেই দাঁড়িয়ে জানাজায় অংশ নেওয়ার চেষ্টা করেন মানুষ। তবে অতিরিক্ত চাপের কারণে অনেকেই সময়মতো জানাজায় অংশ নিতে পারেননি।

পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, জানাজার পর বিকাল সাড়ে ৩টায় রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হয়।

তথ্যসূত্র: জনকণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button