জাতীয়
প্রধান খবর

১২৩ বার পেছাল সাগর রুনি হত্যা মামলার প্রতিবেদন

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় ১২৩ বার তারিখ পেছাল আদালত। আলোচিত এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৯ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত থাকলেও তদন্তকারী কর্মকর্তা ও পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক আদালতে প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হন। তিনি আদালতে হাজির হলেও তদন্ত শেষ না হওয়ায় প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হয়নি। ফলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে নিজ ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আটজনকে আসামি করা হয়। অন্য আসামিরা হলেন—বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ।

প্রথমদিকে মামলার তদন্তভার ছিল শেরেবাংলা নগর থানার এক উপপরিদর্শকের (এসআই) হাতে। চার দিন পর তদন্তভার ডিবিতে হস্তান্তর করা হয়। তবে দুই মাসের বেশি সময় তদন্ত করেও রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল মামলার তদন্তভার র‌্যাবের কাছে ন্যস্ত করা হয়।

সর্বশেষ গত ৩০ সেপ্টেম্বর সাগর–রুনি হত্যা মামলার তদন্তে বিভিন্ন বাহিনীর অভিজ্ঞ তদন্ত কর্মকর্তাদের সমন্বয়ে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। এর পর গত ১৮ অক্টোবর পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। কমিটিকে ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হলেও এখনো তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি টাস্কফোর্স।

সূত্র: কালবেলা

এই বিভাগের অন্য খবর

Back to top button