বিসিএস পরীক্ষা
স্থগিত নয়, নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে ৫০তম বিসিএস প্রিলিমিনারি: পিএসসি

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। পরীক্ষা স্থগিতের দাবিতে একদল চাকরিপ্রার্থী আন্দোলন করলেও সরকারি কর্ম কমিশন (পিএসসি) স্পষ্টভাবে জানিয়েছে, পরীক্ষার সময়সূচি পরিবর্তনের কোনো সুযোগ নেই।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সূত্র জানায়, পরীক্ষাকে ঘিরে সব ধরনের প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
এর আগে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে পরীক্ষা স্থগিতের দাবিতে গত ১৮ জানুয়ারি ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে একদল চাকরিপ্রার্থী প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে স্মারকলিপি দেন। তারা ২১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব সরকারি চাকরির পরীক্ষা স্থগিতের দাবি জানান।
তবে এ বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান গণমাধ্যমকে বলেন,
“বিসিএস পরীক্ষা পূর্বঘোষিত তারিখ অনুযায়ী নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। স্থগিতের কোনো সুযোগ নেই।”
আবেদন ও পদসংখ্যার চিত্র
পিএসসি সূত্রে জানা গেছে, এবারের ৫০তম বিসিএসে মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১টি আবেদন জমা পড়েছে, যা সাম্প্রতিক বছরগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। তুলনামূলকভাবে, ৪৭তম বিসিএসে আবেদনকারীর সংখ্যা ছিল ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন।
এই বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।
এর মধ্যে-
- ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদ,
- সর্বোচ্চ ৬৫০ জন নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে
- প্রশাসন ক্যাডারে ২০০ জন
- পুলিশ ক্যাডারে ১১৭ জন
- নন-ক্যাডারের ৩৯৫টি পদ, যার মধ্যে নবম গ্রেডে ৭১টি পদ রয়েছে।
পিএসসি জানিয়েছে, পরীক্ষার পরিবেশ সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
তথ্যসূত্র: জনকণ্ঠ



