র্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’
দ্রুত জারি হবে সরকারি আদেশ, নতুন পোশাক প্রস্তুতির কাজ চলমান

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দেশের এই এলিট বাহিনীর নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’। এ বিষয়ে খুব শিগগিরই সরকারি আদেশ জারি করা হবে।
মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাহিনীটির কাঠামো, দায়িত্ব ও কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নামের সঙ্গে সামঞ্জস্য রেখে বাহিনীর নতুন পোশাক প্রস্তুতের কাজও বর্তমানে চলমান রয়েছে।
তিনি আরও জানান, র্যাব গঠনের একেবারে প্রাথমিক পর্যায়ে বাহিনীটির নাম ছিল র্যাপিড অ্যাকশন টিম (র্যাট)। পরবর্তীতে এটি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নামে কার্যক্রম শুরু করে। ২০০৪ সালে গঠিত এই বাহিনী দীর্ঘদিন ধরে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
২২ বছর পর এবার বাহিনীটির নাম পরিবর্তনের মাধ্যমে নতুন পরিচয়ে কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হলো। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নাম পরিবর্তনের পাশাপাশি বাহিনীর কাঠামো ও কার্যক্রমেও প্রয়োজন অনুযায়ী সমন্বয় আনা হবে।
তথ্যসূত্র: যমুনা টিভি



