
পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষার স্বার্থে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে টানা ৯ মাসের জন্য পর্যটক ভ্রমণ বন্ধ ঘোষণা করেছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (৩১ জানুয়ারি) চলতি মৌসুমের পর্যটন কার্যক্রম শেষ হচ্ছে।
ফলে রবিবার (১ ফেব্রুয়ারি) থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী কোনো জাহাজ চলাচল করবে না।
সাধারণত প্রতি বছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটনের অনুমতি থাকলেও, চলতি বছর পরিবেশগত ঝুঁকি বিবেচনায় সময়সীমা দুই মাস কমিয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়।
মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, সেন্ট মার্টিনের বিপন্ন জীববৈচিত্র্য রক্ষায় এই ৯ মাসকে ‘রিকভারি পিরিয়ড’ হিসেবে ধরা হয়েছে। পর্যটক না থাকায় প্রবাল প্রাচীর, সামুদ্রিক কাছিম, রাজকাঁকড়া এবং বিভিন্ন বিরল প্রজাতির পাখি তাদের প্রাকৃতিক আবাস পুনরুদ্ধারের সুযোগ পাবে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন সজিব জানান, শনিবার শেষবারের মতো পর্যটক নিয়ে জাহাজগুলো সেন্ট মার্টিনে যাবে। রবিবার থেকে দ্বীপে যাত্রী পরিবহন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। তবে সরকারের পরবর্তী নির্দেশনার ভিত্তিতে ভবিষ্যতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
তথ্যসূত্র: কালের কন্ঠ



