
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের সব শিল্পকারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস ছুটির আগেই পরিশোধ করার নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর বেইলি রোড-এ তার সরকারি বাসভবনের অফিস কক্ষে তৈরি পোশাক (আরএমজি) ও নন-আরএমজি খাতে শ্রম অসন্তোষ নিরসনে করণীয় নির্ধারণে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভায় তিনি এ নির্দেশনা দেন। শনিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রী বলেন, কোনো অবস্থাতেই যেন শ্রমিকদের প্রাপ্য পাওনা নিয়ে জটিলতা সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। ঝুঁকিপূর্ণ কারখানাগুলোর তালিকা সংসদীয় এলাকা ভিত্তিকভাবে প্রস্তুত করে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের কাছে দেওয়া হবে। তারা সরাসরি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বকেয়া বেতন ও বোনাস দ্রুত পরিশোধের ব্যবস্থা করবেন।
সভায় তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাংক-এর নির্দেশনা থাকা সত্ত্বেও যেসব ব্যাংক ঋণ দিতে গড়িমসি করছে-যেমন ইউসিবিএল, ট্রাস্ট ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংক-তাদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ঋণপ্রদানের ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।
শ্রমমন্ত্রী আরও বলেন, কিছু শ্রমিক নেতা শ্রমিকদের অযথা উত্তেজিত করে শিল্প খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এছাড়া পলাতক মালিকদের এবং তাদের প্রতিষ্ঠানের তালিকা তৈরির নির্দেশ দিয়ে তিনি বলেন, এসব কারখানায় যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সবাইকে সচেষ্ট থাকতে হবে।
সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেন, সরকার গঠনের ১৮০ দিনের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে বন্ধ কারখানাগুলো চালু করার পরিকল্পনা রয়েছে।
সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএ-এর সভাপতি মাহমুদ হাসান খান। তিনি জানান, ঢাকা ও চট্টগ্রামে চালু থাকা ২১২৭টি কারখানার মধ্যে ১৯৬৪টি (৯২.৩৪%) ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে এবং ১৫৩৫টি (৭২.১৭%) কারখানা ইতোমধ্যে ঈদের বোনাস দিয়েছে।
অন্যদিকে বিকেএমইএ-র সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, দেশের ৮৩৪টি কারখানার মধ্যে ৫১২টি ফেব্রুয়ারি মাসের বেতন দিয়েছে এবং ৬০৪টি কারখানা ঈদের বোনাস পরিশোধ করেছে।
সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-এর সচিব মো. আব্দুর রহমান তরফদার বলেন, একটি আপদকালীন তহবিল গঠন করা গেলে শ্রমিকদের বেতন-বোনাস সংক্রান্ত সমস্যা স্থায়ীভাবে সমাধান করা সম্ভব হতে পারে।



