
দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মোট ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ বর্তমানে শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। একই সঙ্গে তিনি জানান, বর্তমানে সরকারি চাকরিতে কর্মরত আছেন ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন।
বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদকৃত তথ্যের ভিত্তিতে প্রকাশিত স্ট্যাটিস্টিকস অব পাবলিক সার্ভেন্ট-২০২৪ অনুযায়ী সব মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে প্রথম শ্রেণির কর্মকর্তা রয়েছেন ১ লাখ ৯০ হাজার ৭৭৩ জন। এ শ্রেণিতে শূন্য পদ রয়েছে ৬৮ হাজার ৮৮৪টি।
তিনি আরও জানান, দ্বিতীয় শ্রেণিতে বর্তমানে কর্মরত রয়েছেন ২ লাখ ৩৩ হাজার ৭২৬ জন এবং এ শ্রেণিতে শূন্য পদ রয়েছে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি।
তৃতীয় শ্রেণিতে কর্মরত রয়েছেন ৬ লাখ ১৩ হাজার ৮৩৫ জন। এই শ্রেণিতে শূন্য পদ রয়েছে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি।
এছাড়া চতুর্থ শ্রেণিতে কর্মরত কর্মচারীর সংখ্যা ৪ লাখ ৪ হাজার ৫৫৭ জন এবং অন্যান্য শ্রেণিতে কর্মরত রয়েছেন ৭ হাজার ৯৮০ জন।
প্রতিমন্ত্রী জানান, চতুর্থ শ্রেণিতে শূন্য পদ রয়েছে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি এবং অন্যান্য শ্রেণিতে শূন্য পদ রয়েছে ৮ হাজার ১৩৬টি।
সূত্র: কালের কণ্ঠ



