জাতীয়
প্রধান খবর

অন্তর্বর্তী সরকারের সময় শিশুদের হামের টিকা আমদানি হয়নি: প্রধানমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের সময় শিশুদের হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার সংসদ অধিবেশনে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ-এর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “হামে আক্রান্ত হয়ে অনেক শিশু আমাদের মাঝ থেকে ঝরে গেছে। কিন্তু আমরা চেষ্টা করছি, সামনে যেন পুরো পরিস্থিতি মোকাবিলা করতে পারি।”

তিনি আরও বলেন, “আমরা সব রাজনৈতিক দল মিলে একটি স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছি। কিন্তু দুঃখজনক বিষয় হলো, সেই সময় এবং আরও দুঃখজনকভাবে অন্তর্বর্তী সরকারের সময়ও গত কয়েক বছর ধরে শিশুদের হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি।”

তারেক রহমান বলেন, এ কারণেই স্বাভাবিকভাবে সমস্যা তৈরি হয়েছে। তবে দ্রুততার সঙ্গে ইউনিসেফ বাংলাদেশকে সহায়তা করেছে।

তার ভাষায়, “তারা দ্রুত হামের ভ্যাকসিন পাঠিয়েছে। ফলে দেশের প্রায় ২ কোটি শিশুকে আমরা হামের ভ্যাকসিন দিতে পারব।”

প্রধানমন্ত্রী আরও জানান, হাম শনাক্তে ব্যবহৃত পরীক্ষার কিটেরও স্বল্পতা রয়েছে। তবে এ সংকট কাটাতে সরকার কাজ করছে।

তিনি বলেন, “অনেক কিট এসে পৌঁছেছে। একটি কিট দিয়ে তিনটি টেস্ট করা যায়। কিছু কিট এই মুহূর্তে এয়ারপোর্ট কাস্টমসে আছে। সেগুলো দ্রুত ছাড় করানোর ব্যবস্থা করব, ইনশাআল্লাহ।”

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button