জাতীয়
প্রধান খবর

সরকারি চাকরিজীবীদের সামনে লম্বা ছুটি, টানা ১০ দিনের সুযোগ

ঈদুল ফিতরের বড় ছুটির পর আবারও লম্বা ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটি ভোগের সুযোগ তৈরি হয়েছে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৬ মে (মঙ্গলবার) থেকে ৩১ মে (রবিবার) পর্যন্ত টানা ছয় দিনের ঈদের ছুটি থাকবে। এর মধ্যে ২৬ ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি থাকার কথা রয়েছে।

এর আগে ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে। শনিবার অফিস খোলা রেখে ওই সাপ্তাহিক ছুটি ঈদের ছুটির সঙ্গে যুক্ত করা হতে পারে বলেও জানা গেছে। এতে ছুটি আরও একদিন বাড়তে পারে।

যেভাবে মিলবে ১০ দিনের ছুটি

কেউ যদি ঈদের ছুটি শুরুর আগে ২৪ ও ২৫ মে (রবি ও সোমবার) দুই দিনের ঐচ্ছিক ছুটি নিতে পারেন, তাহলে তিনি টানা ১০ দিনের ছুটি ভোগ করতে পারবেন।

সে ক্ষেত্রে ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটির সঙ্গে ২৪ ও ২৫ মে ব্যক্তিগত ছুটি এবং ২৬ থেকে ৩১ মে সরকারি ছুটি মিলিয়ে টানা ১০ দিনের অবকাশ পাওয়া যাবে।

মধ্যপ্রাচ্যেও দীর্ঘ ছুটি

এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটির ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। আগামী ২৬ মে (মঙ্গলবার) সকাল থেকে ৩০ মে (শনিবার) সন্ধ্যা পর্যন্ত দেশটিতে ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মে সোমবারও সরকারি ছুটি থাকবে।

আরব আমিরাত-এর জ্যোতির্বিজ্ঞানীদের মতে, আগামী ২৬ মে মঙ্গলবার পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে ২৭ মে বুধবার সেখানে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সে হিসেবে দেশে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে।

হিজরি সনের ১২তম ও শেষ মাস জিলহজের ১০ তারিখে কোরবানির ঈদ পালিত হয়, যা হযরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগের স্মরণে উদযাপিত হয়ে থাকে।

তথ্যসূত্র: কালের কণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button