জাতীয়
প্রধান খবর

অর্ধেকে নামছে সরকারি চাকরিজীবীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ভাতা

সরকারি চাকরিজীবীদের ব্যক্তিগত গাড়ির রক্ষণাবেক্ষণ বাবদ মাসিক ভাতা ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকা নির্ধারণ করতে যাচ্ছে সরকার। এ-সংক্রান্ত একটি প্রস্তাবে ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান অনুমোদন দিয়েছেন।

জানা গেছে, এ বিষয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) অর্থ মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জাকির হোসেন সই করা চিঠিতে বলা হয়েছে, সীমিত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নিয়ে আসা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ বাবদ দেওয়া আর্থিক সহায়তা কমানোর সুযোগ রয়েছে।

চিঠিতে আরও বলা হয়, সুদমুক্ত ঋণ গ্রহণের পর গাড়িসেবা নগদায়নের আওতায় মোটরযান রক্ষণাবেক্ষণ ব্যয় মাসিক ৫০ হাজার টাকার পরিবর্তে ২৫ হাজার টাকা নির্ধারণের বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

বর্তমানে উপসচিব থেকে অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তারা ব্যক্তিগত গাড়ি কেনার জন্য সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ গ্রহণের সুযোগ পান। পাশাপাশি, ওই গাড়ির রক্ষণাবেক্ষণ বাবদ প্রতি মাসে ৫০ হাজার টাকা ভাতা পেয়ে থাকেন।

সরকারি প্রশাসনের প্রায় ২ হাজার ৪০০ কর্মকর্তা বর্তমানে এ সুবিধা ভোগ করছেন। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে তাদের মাসিক গাড়ির রক্ষণাবেক্ষণ ভাতা অর্ধেকে নেমে আসবে।

তথ্যসূত্র: কালের কণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button