
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। বর্তমানে ডিজেলের মজুত রয়েছে ৩১ দিনের, অকটেনের ৩৬ দিনের এবং পেট্রোলের ২৫ দিনের। এ নিয়ে ছড়ানো গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে সরকার।
বুধবার (২২ জুলাই) জ্বালানি বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি বলেন, দেশে প্রাকৃতিক গ্যাসের কিছুটা ঘাটতি রয়েছে। তবে নতুন গ্যাসক্ষেত্র থেকে উত্তোলন বৃদ্ধি এবং অন্যান্য উদ্যোগের মাধ্যমে এ ঘাটতি মোকাবেলায় কাজ করছে সরকার।
তিনি আরও জানান, একটি ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) সাময়িক ত্রুটির কারণে গ্যাস সরবরাহে কিছু সমস্যা তৈরি হয়েছে। সমস্যাটির সমাধান হলে সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইনও কমে আসবে বলে আশা করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত প্রসঙ্গে জ্বালানি বিভাগের মুখপাত্র বলেন, এ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে জ্বালানি সরবরাহে তেমন পড়বে না। কারণ, বাংলাদেশ যুদ্ধাক্রান্ত দেশগুলো থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করে না। আর অপরিশোধিত (ক্রুড) তেল আমদানির ক্ষেত্রেও বিকল্প সরবরাহপথ প্রস্তুত রাখা হয়েছে।
তথ্যসূত্র: যমুনা টিভি
