
বিদ্বেষমূলক বক্তব্য ছাড়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে কোনো আইনি বাধা নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
মঙ্গলবার (৪ আগস্ট) নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ দণ্ডিত আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে কীভাবে বণ্টন করা যায়, সে বিষয়ে কাজ চলছে।
তিনি আরও জানান, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিচারকার্যও দ্রুত শেষ হবে বলে আশা করা হচ্ছে।
মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর অগ্রগতি তুলে ধরে আমিনুল ইসলাম বলেন, আগামী এক বছরের মধ্যে জুলাই হত্যাকাণ্ড-সংক্রান্ত সব মামলার বিচার শেষ করার লক্ষ্য রয়েছে। এছাড়া আগামী এক মাসের মধ্যে আরও তিনটি মামলার রায় ঘোষণা হতে পারে।
চিফ প্রসিকিউটর জানান, আইন অনুযায়ী পলাতক আসামিদের বিচার কার্যক্রম চলমান থাকলেও তাদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত রায় কার্যকর করা সম্ভব নয়।
তিনি বলেন, সম্পত্তি বাজেয়াপ্ত এবং জরিমানাসহ আদালতের দেওয়া আদেশগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তথ্যসূত্র: যমুনা টিভি