
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। এতে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করছেন।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী-সরকারি দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দল ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ। নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য।
১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের ৩৫ বছর পর দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যদের ভোটে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে ১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর প্রথমবার সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর টানা সাতজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
দীর্ঘ তিন দশকেরও বেশি সময় পর এবার আবারও দুই প্রার্থীর মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট শেষে গণনা করে ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। নির্বাচিত রাষ্ট্রপতি আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) শপথ নেবেন।
তথ্যসূত্র: যমুনা টিভি


