
শারীরিক অসুস্থতা ও চিকিৎসার কারণে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। তিনি কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ছিলেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে তাঁর পদত্যাগের বিষয়টি অবহিত করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পরে সংসদ অধিবেশনের শুরুতে আসনটি শূন্য ঘোষণা করেন তিনি।
এর আগে ই-মেইলে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান ওসমান ফারুক। পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতাকে কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই সংসদ সদস্য। সেখান থেকেই পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ড. মুহাম্মদ ওসমান ফারুক। তবে অসুস্থতার কারণে সংসদ সদস্যের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ওসমান ফারুক। তিনি দলটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান।
১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ড. মুহাম্মদ ওসমান ফারুক। তিনি ১৯৫৬ সালে সেন্ট গ্রেগরীজ স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ১৯৫৮ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬১ সালে অর্থনীতিতে স্নাতক (সম্মান) এবং ১৯৬২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ১৯৬৩ সালে মার্কিন সরকারের অধীন বেসামরিক বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএইডের ফেলোশিপ কর্মসূচিতে অংশ নেন তিনি। ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে এমএস ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৭০ সালে কর্নেল ইউনিভার্সিটি থেকে একই বিষয়ে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
তথ্যসূত্র: চ্যানেল ২৪



