
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনার প্রস্তুতি। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যরা ভোট দেন।
এবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। তাদের ভোটেই দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।
রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী। তারা হলেন-বিএনপি মনোনীত প্রার্থী দলটির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
ভোটগ্রহণকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবনে নেওয়া হয় প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা। ভোটগ্রহণের শুরুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা ভোট দেন। তাদের ভোট দেওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয়।
সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালে প্রথমবার সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর টানা সাতজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে দীর্ঘ ৩৫ বছর পর দুই প্রার্থীর সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় এবারের নির্বাচন বাড়তি গুরুত্ব পেয়েছে।
ভোটগ্রহণ শেষে সংসদ সদস্যরা চাইলে সংসদ ভবনে অবস্থান করে ভোট গণনা প্রত্যক্ষ করতে পারবেন। এখন সবার নজর নির্বাচন কমিশনের ফল ঘোষণার দিকে-কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি, সেই অপেক্ষায় রাজনৈতিক অঙ্গনসহ পুরো দেশ।
তথ্যসূত্র: একাত্তর টিভি


