
নতুন জাতীয় বেতন স্কেল অনুমোদনের পাশাপাশি বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর বিষয়েও মন্ত্রিসভায় আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠক শেষে তথ্য মন্ত্রণালয়ের পিআইডি সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বেসরকারি খাতের বিভিন্ন শিল্প ও অন্যান্য প্রতিষ্ঠানেও বেতন বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসিমুল গনি বলেন, বেসরকারি খাতের অনেক প্রতিষ্ঠান প্রতিবছর ৫ শতাংশ বা ৭ শতাংশ হারে বেতন বাড়িয়ে থাকে। মন্ত্রিসভায় উপস্থিত কয়েকজন নিয়োগকর্তাও এ বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।
তিনি বলেন, এসব বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে। তবে নতুন পে-স্কেল মূলত নির্ধারিত সরকারি বেতন স্কেলের ওপর নির্ভরশীল কর্মচারীদের জন্য প্রযোজ্য।
এর আগে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা আরও যৌক্তিক ও যুগোপযোগী করার লক্ষ্যে সরকার জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন করে। নতুন বেতন স্কেলে সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে।
তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন


