
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরায় তাঁর বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জাগো নিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসন থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন নুরুল ইসলাম নাহিদ। ১৯৯৪ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন। এরপর সপ্তম, নবম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিলেট-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভেঙে দিলে সংসদ সদস্য পদ হারান নুরুল ইসলাম নাহিদ।
গত ১২ অক্টোবর নুরুল ইসলাম নাহিদ ও তাঁর স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের সম্পদের হিসাব চাওয়ার সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের প্রাথমিক অনুসন্ধানে নুরুল ইসলাম নাহিদের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকার সম্পদ এবং তাঁর স্ত্রীর নামে ৬ লাখ ৯ হাজার ৭৩৪ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে।
দুদক জানিয়েছে, তাঁদের নামে-বেনামে অর্জিত প্রকৃত সম্পদ, সম্পদ অর্জনের উৎস এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ নির্ধারণে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হবে।
তথ্যসূত্র: জাগো নিউজ

