মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ছয় স্তরের নিরাপত্তা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম জানিয়েছেন,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের জন্য ছয় স্তরের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি বলেন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের জন্য নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না। ইউনিফর্ম পরিহিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, বোম ডিসপোজাল ইউনিট, ডিবি, র্যাব ও সোয়াটের টিম থাকবে।
ডিএমপি কমিশনার বলেন, মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী পুষ্পার্ঘ্য অর্পণ করতে আসবেন কি না তা এখনো নিশ্চিত নয়। তবে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারা আসবেন সেই ব্যবস্থা গ্রহণ করেই সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবার কোভিডের জন্য কিছু বিধিনিষেধ আছে জানিয়ে শফিকুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধিগুলো মানার ক্ষেত্রে সরকারঘোষিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যেসব নির্দেশনা রয়েছে তা সবাইকে মেনে চলার অনুরোধ।
তিনি বলেন, শ্রদ্ধা নিবেদনের সময় কেউ কোনো ধরনের ব্যাগ বহন করতে পারবে না। নিজের মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কোনো রাজনৈতিক ব্যানার-ফেস্টুনে যাতে এলাকা নোংরা না হয় সেজন্য সবাইকে অনুরোধ করবো।
বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকদের আলাদাভাবে শহীদ মিনারে আনা হবে বলেও জানান তিনি।
এসএ

