জাতীয়

প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের তথ্য গুজব: গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো প্রশ্নফাঁসের তথ্যটি সম্পূর্ণ গুজব। সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। এ ধরনের কোনো সুনির্দিষ্ট তথ্য আমরা পাইনি। যদি কারও কাছে তথ্য থাকে, আমাদেরকে জানাবেন। আমরা দ্রুত ব্যবস্থা নেবো।’

শুক্রবার বেলা ১১টায় প্রথম ধাপে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার শুরুতে রাজধানীর ইডেন কলেজ কেন্দ্র পরিদর্শনে যান প্রতিমন্ত্রী জাকির হোসেন। পরে কেন্দ্র থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এত বিরাট সংখ্যক শিক্ষক নিয়োগ তার মধ্যে একটি।’

এবছর ৪৫ হাজার পদের বিপরীতে আবেদন করেছেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী।

জানা গেছে, সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে আগামী ২০ মে। এ ধাপে ৩০ জেলার মধ্যে আট জেলার সব ও ২২ জেলার কয়েকটি উপজেলায় পরীক্ষা হবে। এছাড়া শেষ ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ জুন। এ ধাপে পরীক্ষা হবে ৩১ জেলায়। এর মধ্যে ১৭ জেলার সব ও ১৪ জেলার কয়েকটি উপজেলায় পরীক্ষা হবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button