জাতীয়

জিম্মি বাংলাদেশি জাহাজকে অন্যত্র সরিয়ে নিয়েছে জলদস্যুরা

ভারত মহাসাগরে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহকে অন্যত্র সরিয়ে নিয়েছে জলদস্যুরা। সোমালিয়ার উপকূলে নোঙর করার একদিনের মধ্যেই জাহাজটি সরিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) রাতে জাহাজটির মালিক প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

মিজানুল ইসলাম বলেন, আমরা বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, গতকাল বৃহস্পতিবার (১৪ মার্চ) জাহাজটি যে পয়েন্টে নোঙ্গর করেছিল আজ শুক্রবার (১৫ মার্চ) বেলা সাড়ে ৩টায় সেখান থেকে ৪ কিলোমিটার উত্তর দিকে নিয়ে গেছে দস্যুরা।

কেএসআরএম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এস আর শিপিংয়ের প্রধান নির্বাহী ক্যাপ্টেন মেহেরুল করিম বলেন, জলদস্যুরা জাহাজটি চার কিলোমিটার উত্তর দিকে নিয়েছে। তবে কি কারণে জাহাজটি সরিয়ে নিয়েছে তা জানি না। আমরা জাহাজের অবস্থানের বিষয়ে নজর রাখছি।

গত মঙ্গলবার (১২ মার্চ) ভারত মহাসাগরে বাংলাদেশি পতাকাবাহী এমভি আব্দুল্লাহর নিয়ন্ত্রণ নিয়ে জাহাজের ২৩ নাবিককে জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা।

বৃহস্পতিবার (১৪ মার্চ) জাহাজটিকে সোমালিয়ার গারাকাদ বন্দর থেকে ২০ নটিক্যাল মাইল দূরে নোঙর করা হয়। আজ আবার জাহাজটিকে সেখান থেকে সরিয়ে নেওয়া হলো।

ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে সহায়তা করতে কাছাকাছি এলাকায় একটি ভারতীয় যুদ্ধজাহাজ ও একটি দূরপাল্লার সামুদ্রিক টহল উড়োজাহাজ অবস্থান করছে।

এর আগে, ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছিল, এমভি আব্দুল্লাহর ওপর নজর রাখতে ইইউ’র একটি জাহাজ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, জিম্মি জাহাজে আটক নাবিকদের উদ্ধার নিয়ে সরকার ও মালিকপক্ষ উদ্বিগ্ন। সরকারের পক্ষ থেকে যেমন যোগাযোগ করার চেষ্টা চলছে তেমনিভাবে মালিকপক্ষও পূর্বের অভিজ্ঞতার আলোকে উদ্বারে তৎপরতা চালিয়ে যাচ্ছে।

একই কোম্পানির জাহাজ ‘এমভি জাহানমনি’ ২০১০ সালে সোমালীয় জলদস্যুদের হাতে ১০০ দিন জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে উদ্ধার করা হয়েছিল।

এই বিভাগের অন্য খবর

Back to top button